রেস্টুরেন্টের স্টাইলে ডাল ফ্রাই ও জিরা রাইস / Dal Fry and Jeera Rice (Restaurant Style)
ডাল ফ্রাই ও জিরা রাইস হল জনপ্রিয় সুস্বাদু খাবার যা বেশিরভাগ ভারতীয় রেস্টুরেন্টে পাওয়া যায়। এটি সাধারণত অড়হর (তুর) ডাল দিয়ে তৈরি করা হয় তবে অন্যান্য ডাল যোগ করেও বানানো হয়। এটি প্লেইন রাইস, জিরা রাইস, রুটি, প্লেইন পরোটার সাথে খাওয়া যায়। ডাল তৈরি করা খুব সহজ আর আমাদের শরীরের জন্য পুষ্ঠিকর। পিঁয়াজ, আদা, রসুন, টমেটো আর ঘরে থাকা মশলা দিয়ে বানানো যায় ডাল ফ্রাই।
জিরা রাইস তৈরি করা খুব সহজ অথচ খেতে সুস্বাদু ও সুগন্ধযুক্ত। এটি তৈরি করতে লাগে রাইসের সঙ্গে আস্ত জিরে, সাদাতেল অথবা (ঘি / বাটার)। জিরা রাইসকে আরো বেশি সুগন্ধিত করতে চাইলে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দাড়চিনি ও জায়ফল ব্যবহার করা যেতে পারে। জিরা যেকোন ঘন তরকারি ও ডালের সাথে খাওয়া হয়। রেস্টুরেন্টে জিরা রাইস ও ডাল ফ্রাই সাইড ডিশ হিসাবে নেওয়া হয় তবে এর চাহিদা খুব বেশি।
আমার নিজস্ব মতামত এই সুস্বাদু খাবারটি খেয়ে হালকা অনুভব করা যায়। জিরা রাইস ও জিরা রাইস খাবার সময় অবশ্যই সাথে রাখতে হবে কাঁচা পেঁয়াজ ও পাতিলবু। ডাল ফ্রাই ও জিরা রাইস এই পদ রাতের খাবারের জন্য রাখলে ভালো হবে তবে এটি দুপুর বেলা ও খাওয়া যায়। ডাল ভাত ছাড়া অন্য রকম কিছু খেতে চাইলে চট জলদি বানিয়ে নিতে পারেন আটা দোসা ও সাম্বার, সুজির ইডলি, নারকেলের চাটনি যার রেসিপি শেয়ার করা আছে।
ডাল ফ্রাই
ডাল ফ্রাই তৈরি করার জন্য লাগবে অড়হর ডাল (তুর ডাল), পিঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো ও ধনে গুড়ো, সাদাতেল, ঘি, নুন, আস্ত জিরে, শুকানো লঙ্কা, হিং, আদা (লম্বা করে কাটা), রসুন কুচি ও লঙ্কা গুড়ো। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
ডাল ফ্রাই রান্না করার পদ্ধতি:
পরিমানমত অড়হর ডাল নিয়ে ধুয়ে নিতে হবে
অড়হর (তুর) ডাল একটি পাত্রের মধ্যে নিয়ে ভালোকরে ধুয়ে পরিস্কার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিট থেকে ১/২ ঘন্টা। অড়হর ডাল ধুয়ে সঙ্গে সঙ্গে প্রেসার কুকার দিয়ে সিদ্ধ করা যায় তবে ডাল ভিজিয়ে রাখার পর সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর হজম হতে সাহায্য করে।


অড়হর ডাল সিদ্ধ করে নিতে হবে
ভিজিয়ে রাখা ডাল জল ঝরিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে ঢাকনা লাগিয়ে দিতে হবে। গ্যাস জ্বালিয়ে কুকার বসিয়ে একটি সিটি দেওয়া পর্যন্ত রাখলেই হবে। গ্যাসের আঁচ একদম কম রাখতে হবে। সিটি দেওয়ার পড় গ্যাস বন্ধ করে দিতে হবে।
ডাল সিদ্ধ করার সময় প্রেসার কুকারের একটির বেশি সিটি দিলে ডাল পিচ্ছিল হয়ে যেতে পারে। তাই ডাল ভিজিয়ে রাখার পর সিদ্ধ করলে ১ সিটি দেওয়ার সময় গ্যাস বন্ধ করে হবে।



ডাল ফ্রাই করার ও তড়কা দেওয়ার উপকরণ নিয়ে নিতে হবে
পিঁয়াজ, আদা, রসুনের খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করে নিতে হবে। কাঁচা লঙ্কা ও ধনেপাতা ধুয়ে কুচি করে একটি পাত্রের মধ্যে রাখতে হবে। আরেকটি পাত্রের মধ্যে হিং, জিরে, শুকনো লঙ্কা, লঙ্কা গুড়ো, আদার লম্বা করে টুকরো ও রসুনের টুকরো করে নিয়ে নিতে হবে।


সাদাতেল গরম করে ফোঁড়ন দিয়ে দিতে হবে
গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হওয়ার পর সাদাতেল ও ঘি দিয়ে দিতে হবে। তেল ও ঘি গরম হওয়ার পর জিরে, হিং ও শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে।
ফোঁড়ন দেওয়ার পর খেয়াল রাখতে হবে ফোঁড়নের গোটা মশলা গুলো পূড়ে না যায়। গোটা মশলা লাল হয়ে আসলে সব্জি ঢেলে দিতে হবে।



পিঁয়াজ, আদা ও রসুন ভেজে নিতে হবে
জিরে ও শুকনো লঙ্কার রং বদলানোর পর পিঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পিঁয়াজ কুচি নেড়ে হালকা করে ভেজে নিতে হবে। পিঁয়াজ অল্প ভাজার পর রসুন, আদা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিতে হবে।



টমেটো ভেজে গুড়ো মশলা দিয়ে কষিয়ে নিতে হবে
এরপর পিঁয়াজ, আদা ও রসুন ভাজা হওয়ার পর টমেটো কুচি ও অল্প নুন দিয়ে ভেজে নিতে হবে। পরিমানমত হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো ও ধনে গুড়ো দিয়ে নাড়াতে হবে। তারপর অল্প গরম জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে।
টমেটো কুচি দেওয়ার পর নুন দিতে হবে। টমেটো দেওয়ার পর নুন দিলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।





মশলার মধ্যে অড়হর ডাল দিয়ে ফুটিয়ে নিতে হবে
মশলা পিঁয়াজের সাথে কষানোর পর সিদ্ধ করে রাখা তুর (অড়হর) ডাল ঢেলে দিতে হবে। তারপর ডাল খুন্তি দিয়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর কুকারে লেগে থাকা ডাল অল্প গরম জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে আর ডাল কিছুক্ষন ফুটিয়ে নিতে হবে। ডালের ঘনত্ব নিজের পছন্দমত রাখতে পারেন তবে এই ডাল ঘন করেই খাওয়া হয়।



ডাল ফুটিয়ে নেওয়ার পর তড়কা দিয়ে দিতে হবে
অবশেষে একটি তড়কা পেন গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিতে হবে। তারপর পরিমানমত সাদাতেল দিয়ে গরম হওয়ার পর জিরে, শুকনো লঙ্কা, রসুনের টুকরো দিয়ে ভেজে গুড়ো লঙ্কা দিয়ে ডালের মধ্যে ঢেলে দিতে হবে। তারপর খুন্তি দিয়ে তড়কা ডালের সাথে মিশিয়ে নিতে হবে এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।
ফোঁড়ন দেওয়ার সময় খেয়াল হবে যে গোটা মশলা ও গুড়ো লঙ্কা পূড়ে না যায়। তাই ফোঁড়ন দেওয়ার সময় গোটা মশলা তেলে ছাড়ার পর লাল হতেই গুড়ো লঙ্কা দিয়ে সঙ্গে সঙ্গেই ডালের মধ্যে ঢেলে দিতে হবে।




জিরা রাইস
জিরা রাইস তৈরি করার জন্য লাগবে বাসমতি চাল, আস্ত জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, সাদাতেল। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
জিরা রাইস তৈরি করার পদ্ধতি:
বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে
পরিমানমত বাসমতি চাল একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে হালকা হাতে ঘসিয়ে তিন চার বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর ধুয়া চাল ঐ একই পাত্রের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা।
বাসমতি চাল ধুয়ার সময় খেয়াল রাখতে হবে যে চাল ভেঙ্গে না যায়। চাল ভেঙ্গে গেলে দেখার সৌন্দর্য চলে যাবে তাই চাল সাবধানে ধুতে হবে। বাসমতি চাল ভালো গুনমানের দীর্ঘ শস্য (long grain) দেখে কিনতে হবে।


সসপেনে পরিমানমত জল নিয়ে ফুটিয়ে নিতে হবে
একটি সসপেনের মধ্যে পরিমানমত জল নিয়ে নিতে হবে। তারপর গ্যাস জ্বালিয়ে জল সহ সসপেন গ্যাসের উপর বসিয়ে দিতে হবে। এবারে এক চামচ নুন ও এক চামচ তেল সসপেনের মধ্যে দিয়ে জল ফুটিয়ে নিতে হবে।


ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে সিদ্ধ করতে হবে
সসপেনের জল ফুটে উঠার পর ভিজিয়ে রাখা বাসমতি চাল ফুটন্ত জলের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। চাল ঢালার পর চামচ দিয়ে হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। আর চুলার আঁচ মধ্যম রাখতে হবে।



চাল সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে
পাঁচ মিনিট পর চামচ দিয়ে চাল তুলে আঙ্গুলের সাহায্যে টিপে দেখে নিতে হবে চাল সিদ্ধ হয়েছে কি না। চাল সিদ্ধ হয়ে গেলে একটি সসপেনের মাপে ঢাকা দিয়ে ঢেকে অতিরিক্ত জল ঝরিয়ে নিতে হবে। চালের সব জল ঝরিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ভাত সসপেনই রেখে দিতে হবে।


ফ্রাই পেনের মধ্যে সাদাতেল দিয়ে ফোঁড়ন দিতে হবে
গ্যাস জ্বালিয়ে ফ্রাইপেন বসিয়ে দিতে হবে। ফ্রাইপেন অল্প গরম হওয়ার পর সাদাতেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর আস্ত জিরে ও কাঁচা লঙ্কা ফোঁড়ন দিতে হবে। জিরে ও কাঁচা লঙ্কা খুন্তি দিয়ে নড়ে দিতে হবে। সাদাতেল, ঘি বা বাটার এই তিনটে এখানে ব্যবহার করা যেতে পারে।
ননস্টিক ফ্রাই পেনে নাড়ার জন্য কাঠের খুন্তি ব্যবহার করতে হবে আর তেলের জায়গায় ঘি বা বাটার ব্যবহার করা যেতে পারে।



তৈরি করে রাখা ভাত ফোঁড়নের মধ্যে দিয়ে দিতে হবে
এই ফোঁড়নের থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর বা জিরে লাল হওয়ার পর তৈরি করে রাখা ভাত দিয়ে দিতে হবে। ভাত ফোঁড়নের মধ্যে দেওয়ার পর খুন্তি দিয়ে হালকা ভাবে নেড়ে অল্প নুন ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে ৩ থেকে ৪ মিনিট ঢেকে রেখে দিতে হবে। চার মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।




পরিবেশন করার পদ্ধতি
জিরা রাইস ও ডাল ফ্রাই তৈরি করার পর দুটি আলাদা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। একটি থালার মধ্যে পরিমানমত জিরা রাইস তার পাশে ডাল ফ্রাই নিয়ে স্যালাড ও লেবুর সাথে পরিবেশন করুন। আর সঙ্গে ভাজা বা সেঁকা পাপড় নেওয়া যেতে পারে। ডাল ফ্রাই রুটি ও প্লেইন পরোটার সাথে পরিবেশন করা যায়।


উপসংহার
ডাল ফ্রাই ও জিরা রাইস হল সুস্বাদু ভারতীয় খাবার যা ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করা হয়। সাধারণত ডাল ফ্রাই জিরা রাইস দিয়ে খাওয়া হয়। রুটি ও প্লেইন পরোটা দিয়ে ও ডাল ফ্রাই খাওয়া হয়। এই ডাল হালকা মশলাযুক্ত কিন্ত স্বাদে পরিপূর্ণ যা পরিবারের সবাইকে খুশি করতে পারে।
একসাথে, ডাল ফ্রাই এবং জিরা ভাত একটি সুস্বাদু এবং সুষম খাবার তৈরি করে, ভারতীয় খাবারের বৈচিত্র্যময় এবং সুগন্ধযুক্ত স্বাদগুলিকে প্রদর্শন করে।
Dal Fry and Jeera Rice
ডাল ফ্রাই হল অড়হর ডাল দিয়ে তৈরি একটি জনপ্রিয় ভারতীয় খাবার, সাধারণত হলুদ অড়হর ডাল (ডাল), একটি ক্রিমি সামঞ্জস্যের সাথে রান্না করা হয় এবং জিরা, সরিষার বীজ এবং রসুনের মতো মশলা দিয়ে ফোঁড়ন দেওয়া হয়। এটি স্বাদে সমৃদ্ধ এবং প্রায়ই ধনে দিয়ে সাজানো হয়।
জিরা রাইস হল একটি সুগন্ধি ভারতীয় চালের খাবার যেখানে জিরা (জিরা) ভাত রান্না করার আগে ঘি বা তেলে ভেজে রাখা হয়। এই সহজ অথচ সুস্বাদু ভাত ডাল ফ্রাইয়ের মতো খাবারের মসলাপূর্ণতাকে পরিপূরক করে, একটি সুষম খাবার তৈরি করে।
Ingredients
- উপকরণ: (ডাল ফ্রাই)
- অড়হর ডাল - ১/২ কাপ
- পিঁয়াজ কুচি - ১ টি
- আদা কুচি - ১ টেবিল চামচ
- রসুন কুচি - ১ টেবিল চামচ
- টমেটো কুচি - ১ টি
- কাঁচা লঙ্কা কুচি - ১ টি
- ধনেপাতা কুচি - পরিমানমত
- হলুদ গুড়ো - ১/২ চামচ
- লঙ্কা গুড়ো - ১/২ চামচ
- জিরে গুড়ো - ১/৩ চামচ
- ধনে গুড়ো - ১/২ চামচ
- সাদাতেল - পরিমানমত
- ঘি - ১/২ চামচ
- নুন - স্বাদমত
- ফোঁড়ন ( তড়কা) দেওয়ার জন্য
- আস্ত জিরে - ১ চামচ
- শুকনো লঙ্কা - ২ টি
- রসুন কুচি - ৩-৪ টি
- লঙ্কা গুড়ো - ১/২ চামচ
- হিং - সামান্য
- আদা - সামান্য (লম্বা করে কাটা)
- উপকরণ: (জিরা রাইস)
- বাসমতি চাল - ১ কাপ
- আস্ত জিরা - ১ চামচ
- কাঁচা লঙ্কা - ২-৩ টি
- সাদাতেল - পরিমানমত
- নুন - স্বাদমত
- ধনেপাতা কুচি - পরিমানমত
Instructions
প্রণালী: (ডাল ফ্রাই)
- প্রথমে তুর (অড়হর) ডাল একটি পাত্রের মধ্যে নিয়ে ভালোকরে ধুয়ে পরিস্কার জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১/২ ঘণ্টা থেকে ১ ঘন্টা।
- তারপর ভিজিয়ে রাখা ডাল জল ঝরিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নুন ও হলুদ দিয়ে ঢাকনা লাগিয়ে দিতে হবে। গ্যাস জ্বালিয়ে কুকার বসিয়ে একটি সিটি দেওয়া পর্যন্ত রাখলেই হবে।
- এরপর পিঁয়াজ, আদা, রসুনের খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করে নিতে হবে। কাঁচা লঙ্কা ও ধনেপাতা ধুয়ে কুচি করে রাখতে হবে। আরেকটি পাত্রের মধ্যে হিং, জিরে, শুকনো লঙ্কা, লঙ্কা গুড়ো, আদার লম্বা করে টুকরো ও রসুনের টুকরো করে নিয়ে নিতে হবে।
- তারপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হওয়ার পর সাদাতেল ও ঘি দিয়ে দিতে হবে। তেল ও ঘি গরম হওয়ার পর জিরে, হিং ও শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে।
- জিরে ও শুকনো লঙ্কার রং বদলানোর পর পিঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পিঁয়াজ কুচি নেড়ে হালকা করে ভেজে নিতে হবে। পিঁয়াজ অল্প ভাজার পর রসুন, আদা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিতে হবে।
- এরপর পিঁয়াজ, আদা ও রসুন ভাজা হওয়ার পর টমেটো কুচি ও অল্প নুন দিয়ে ভেজে নিতে হবে। পরিমানমত হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো ও ধনে গুড়ো দিয়ে নেড়ে অল্প গরম জল দিয়ে কষিয়ে নিতে হবে।
- মশলা পিঁয়াজের সাথে কষানোর পর সিদ্ধ করে রাখা তুর (অড়হর) ডাল ঢেলে দিতে হবে। তারপর ডাল খুন্তি দিয়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর কুকারে লেগে থাকা ডাল অল্প গরম জল দিয়ে দিয়ে দিতে হবে আর ডাল কিছুক্ষন ফুটিয়ে নিতে হবে।
- অবশেষে একটি তড়কা পেন গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিতে হবে। তারপর পরিমানমত সাদাতেল দিয়ে গরম হওয়ার পর জিরে, শুকনো লঙ্কা, রসুনের টুকরো দিয়ে ভেজে গুড়ো লঙ্কা দিয়ে ডালের মধ্যে ঢেলে দিতে হবে। তারপর খুন্তি দিয়ে তড়কা ডালের সাথে মিশিয়ে নিতে হবে আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।
প্রণালী: (জিরা রাইস)
- প্রথমে পরিমানমত বাসমতি চাল একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর জল দিয়ে হালকা হাতে ঘসিয়ে তিন চার বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর ধুয়া চাল ঐ একই পাত্রের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা।
- একটি সসপেনের মধ্যে পরিমানমত জল নিয়ে নিতে হবে। তারপর গ্যাস জ্বালিয়ে জল সহ সসপেন গ্যাসের উপর বসিয়ে দিতে হবে। এবারে এক চামচ নুন ও এক চামচ তেল সসপেনের মধ্যে দিয়ে জল ফুটিয়ে নিতে হবে।
- সসপেনের জল ফুটে উঠার পর ভিজিয়ে রাখা বাসমতি চাল ফুটন্ত জলের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। চাল ঢালার পর চামচ দিয়ে হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। আর চুলার আঁচ মধ্যম রাখতে হবে।
- পাঁচ মিনিট পর চামচ দিয়ে চামচ চাল তুলে আঙ্গুলের সাহায্যে টিপে দেখে নিতে হবে চাল সিদ্ধ হয়েছে কি না। চাল সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে।
- এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাইপেন বসিয়ে দিতে হবে। ফ্রাইপেন অল্প গরম হওয়ার পর সাদাতেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর আস্ত জিরে ও কাঁচা লঙ্কা ফোঁড়ন দিতে হবে।
- এই ফোঁড়নের থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর তৈরি করে রাখা ভাত দিয়ে দিতে হবে। ভাত ফোঁড়নের মধ্যে দেওয়ার পর খুন্তি দিয়ে হালকা ভাবে নেড়ে অল্প নুন ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে ৩ থেকে ৪ মিনিট ঢেকে রেখে দিতে হবে।
- চার মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর ডাল ফ্রাই ও স্যালাড এর সাথে জিরা রাইস পরিবেশন করুন।
